নিজস্ব প্রতিবেদক
ঢাকা | ২ নভেম্বর ২০২৫
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে অংশ নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রোববার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী।
তিনি বলেন, ‘আমরা নির্বাচন কমিশনে শাপলা, সাদা শাপলা ও শাপলা কলি—এই তিনটি প্রতীক চেয়ে আবেদন করেছিলাম। বৃহত্তর স্বার্থে আমরা শাপলা কলি নিয়েছি। আগামী নির্বাচনে ধানের শীষ ও শাপলা কলির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।’
বিএনপির সঙ্গে জোটের বিষয়ে নাসিরুদ্দীন বলেন, এনসিপি ৩০০ আসনেই প্রার্থী দেবে। তিনি অভিযোগ করে বলেন, ‘নির্বাচন কমিশন এখন একরকম ইঞ্জিনিয়ারিং কমিশনে পরিণত হয়েছে।’
গণভোটের প্রশ্নে তিনি জানান, জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে হলেও এনসিপির আপত্তি নেই। এমনকি জাতীয় নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হলেও দলটি তাতে সম্মত।
এ সময় বিএনপি নেতা সালাহউদ্দীনকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আইন উপদেষ্টার কাছে প্রেমের চিঠি পাঠানো হয়েছে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে প্রেমের কারখানা বানানো উচিত নয়।’
বিকেল তিনটার দিকে নাসিরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে এনসিপির প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে সিইসির সঙ্গে বৈঠক করে। বৈঠকে দলের যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ উপস্থিত ছিলেন।
এনসিপি সূত্র জানায়, প্রতীকের তালিকায় ‘শাপলা’ অন্তর্ভুক্ত করার দাবিতেই এই বৈঠক অনুষ্ঠিত হয়। তবে নির্বাচন কমিশনের সর্বশেষ তালিকায় ‘শাপলা কলি’ প্রতীক যুক্ত করা হয়েছে, দলটির দাবি করা ‘শাপলা’ নয়।






















































