ডোনাল্ড ট্রাম্প চীন ও রাশিয়ার ক্রমবর্ধমান সামরিক হুমকি প্রতিহত করতে “গোল্ডেন ডোম” নামে একটি উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার নকশা চূড়ান্ত করার ঘোষণা দিয়েছেন। তার দ্বিতীয় মেয়াদের শুরু থেকেই তিনি এমন একটি আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা করে আসছেন।
“গোল্ডেন ডোম” প্রকল্পটি যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে নেয়া হয়েছে। এটি মহাকাশ থেকে আসা ক্ষেপণাস্ত্রসহ স্থল, সমুদ্র, এবং আকাশ থেকে চালানো যেকোনো হামলা প্রতিহত করতে সক্ষম হবে। ট্রাম্প জানিয়েছেন, এটি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষায় নতুন দিগন্ত উন্মোচন করবে এবং এর সাফল্যের হার শতভাগ হবে বলে তিনি আশাবাদী।
প্রকল্পটির তত্ত্বাবধানে দায়িত্ব দেওয়া হয়েছে ইউএস স্পেস ফোর্সের জেনারেল মাইকেল গেটলাইনকে। এই সিস্টেমটি ইসরায়েলের “আয়রন ডোম” থেকে অনুপ্রাণিত হলেও আরও বৃহৎ পরিসরে এবং হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধের মতো উন্নত সক্ষমতা নিয়ে নির্মিত হবে। প্রাথমিকভাবে প্রকল্পটির জন্য ২৫ বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করা হয়েছে, যা দীর্ঘমেয়াদে ১৭৫ বিলিয়ন পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
এদিকে, পেন্টাগনের কর্মকর্তারা জানিয়েছেন, চীন ও রাশিয়ার উন্নত ক্ষেপণাস্ত্র প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে যুক্তরাষ্ট্র হিমশিম খাচ্ছে। বিশ্লেষকদের মতে, এই চ্যালেঞ্জ মোকাবিলায় ট্রাম্পের এই উচ্চাভিলাষী উদ্যোগ বিশেষ গুরুত্বপূর্ণ। কানাডাও এই প্রকল্পে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছে।
ট্রাম্প জানিয়েছেন, এই প্রতিরক্ষা ব্যবস্থা ২০২৯ সালের মধ্যে বাস্তবায়িত হবে এবং যুক্তরাষ্ট্রের সুরক্ষা নিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে।






















































