দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, দেশের শীর্ষ দুটি গণমাধ্যমের ওপর এই হামলা স্বাধীন গণমাধ্যমের ওপর হামলার শামিল।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের সঙ্গে টেলিফোনে কথা বলেন প্রধান উপদেষ্টা। আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানায়।
টেলিফোনে আলাপকালে সম্পাদকদের উদ্দেশে অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয় ও সাংবাদিকদের ওপর সংঘটিত ন্যক্কারজনক হামলা তাঁকে গভীরভাবে ব্যথিত করেছে। এই কঠিন সময়ে সরকার গণমাধ্যমগুলোর পাশে রয়েছে বলেও তিনি জানান।
প্রধান উপদেষ্টা বলেন, এ ধরনের হামলা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও স্বাধীন সাংবাদিকতার জন্য বড় ধরনের হুমকি। স্বাধীন গণমাধ্যম ছাড়া গণতন্ত্র শক্তিশালী হতে পারে না বলেও তিনি মন্তব্য করেন।
আলাপকালে সম্পাদকদের এবং সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোর পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। খুব শিগগিরই সম্পাদকদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলেও জানান তিনি।






















































