স্বরাষ্ট্র উপদেষ্টা: “মানুষ বলতাছে, আপনারা আরও ৫ বছর থাকেন”
প্রতিবেদক: সুনামগঞ্জ
সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানায় পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী দাবি করেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো হয়েছে। সাংবাদিকদের তিনি বলেন, “সাধারণ মানুষ বলতাছে আইনশৃঙ্খলা আগের চেয়ে ভালো। ওই রাস্তা থেকে হুনি, মানুষ বলতাছে, আপনারা আরও পাঁচ বছর থাকেন।”
আজ বৃহস্পতিবার শান্তিগঞ্জ থানার পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
থানা পরিদর্শন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি
উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, “আমাদের কিছু হারানো হাতিয়ার এখনো উদ্ধার হয়নি। সেগুলো উদ্ধারের কাজ চলছে। এগুলো উদ্ধার হলে পরিস্থিতি আরও ভালো হবে।”
সম্প্রতি কিছু বিক্ষোভে ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের বিষয়ে তিনি বলেন, “ঘটনা কিছু ঘটবে। কিন্তু আমরা প্রতিকার নিয়েছি। যারা এসব অপরাধ করেছে, তাদের আইনের আওতায় আনা হয়েছে। ভবিষ্যতেও এমন কিছু হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
ধান কাটার উদ্বোধন
বিকেলে উপদেষ্টা জাহাঙ্গীর আলম সুনামগঞ্জের হাওরে বোরো ধান কাটার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সদর উপজেলার গোবিন্দপুর এলাকায় প্রতীকী ধান কাটার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়।
তিনি বলেন, “কৃষকের ধানের ন্যায্য দাম নিশ্চিত করা হবে। সরকার সরাসরি ধান কিনবে। কোনো সিন্ডিকেট হলে তা আমরা সোজা করে দেব।”
সরকারি কর্মকর্তাদের উপস্থিতি
এ সময় তাঁর সঙ্গে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. জাকির হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক সাইফুল ইসলাম, সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী, পুলিশের সিলেট রেঞ্জের অতিরিক্ত মহাপরিদর্শক মো. মুশফিকুর রহমান, সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া এবং পুলিশ সুপার মো. তোফায়েল আহাম্মেদসহ অন্যান্য শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বোরো ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা
সুনামগঞ্জে এবার ২ লাখ ২৩ হাজার ৫০২ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৩ লাখ ৭০ হাজার মেট্রিক টন।
উপদেষ্টা আরও বলেন, “হাওরের ফসল রক্ষা বাঁধ নিয়ে আমরা কাজ করছি। কৃষকের সমস্যাগুলো সমাধানে সরকার সব সময় পাশে থাকবে।”






















































