দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর: আইজিপির কড়া বার্তা, দ্রুত গ্রেপ্তার কার্যক্রম শুরু

0
200

সিলেটসহ দেশের বিভিন্ন শহরে দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। আজ সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়।

আইজিপি জানান, পুলিশের হাতে ইতিমধ্যে হামলাকারীদের ভিডিও ফুটেজ রয়েছে এবং তাদের চিহ্নিত করে গ্রেপ্তার অভিযান শুরু হয়েছে। তিনি বলেন, “সরকার কোনো ন্যায়সঙ্গত বিক্ষোভে বাধা দেয় না, তবে প্রতিবাদের আড়ালে অপরাধমূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না।”

এদিকে আজ শুরু হওয়া চার দিনব্যাপী আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের দিনেই বিভিন্ন স্থানে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

তিনি বলেন, “আমরা যখন বাংলাদেশকে বিনিয়োগবান্ধব দেশ হিসেবে তুলে ধরতে কাজ করছি, তখন এই ধ্বংসযজ্ঞ একটি ন্যাক্কারজনক দৃষ্টান্ত স্থাপন করেছে। এতে শুধু দেশের ভাবমূর্তি নয়, কর্মসংস্থান ও অর্থনীতিও হুমকির মুখে পড়েছে।”

বিডা চেয়ারম্যান আরও বলেন, হামলার শিকার ব্যবসাগুলোর অনেক মালিক স্থানীয় উদ্যোক্তা এবং কিছু বিদেশি বিনিয়োগকারীও রয়েছেন, যারা দেশের উন্নয়নে ভূমিকা রেখে আসছিলেন।

সংশ্লিষ্ট মহলের বক্তব্য অনুযায়ী, এই হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে এবং ব্যবসা-বাণিজ্যিক পরিবেশ স্বাভাবিক রাখতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

Previous articleফিলিস্তিনের সার্বভৌমত্ব নিশ্চিত করতে আরব বিশ্বকে উদ্যোগী হওয়ার আহ্বান ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের
Next articleবিদেশি বিনিয়োগকারীদের চট্টগ্রাম ইকোনমিক জোন পরিদর্শন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here