জুলাই সনদে সই শুক্রবার: উৎসবমুখর দলিল স্বাক্ষরের আশায় প্রধান উপদেষ্টা

0
195

রাজনীতি ডেস্ক
প্রথম আলো

রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে বুধবার সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “আগামী শুক্রবার আমরা উৎসবমুখর পরিবেশে জুলাই সনদে সই করব বলে আশা করছি। এটি ছাত্র–জনতার অভ্যুত্থানের পর নতুন অধ্যায়ের সূচনা করবে।”

বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, কমিউনিস্ট পার্টি (সিপিবি), গণসংহতি আন্দোলন, জেএসডি (রব), এবি পার্টিসহ বিভিন্ন দলের নেতারা উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টা বলেন, “জুলাই সনদের মাধ্যমে আমরা যে ঐকমত্যে পৌঁছেছি, তা গোটা জাতির জন্য এক ঐতিহাসিক সম্পদ। এই দলিল স্কুল–কলেজের শিক্ষার্থীদের কাছেও পৌঁছে দিতে চাই, যেন সবাই জানে কেন আমরা একমত হয়েছিলাম।”

তিনি আরও বলেন, “ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। উৎসবমুখর নির্বাচন আয়োজনের জন্য যা যা দরকার, আমরা করব। এতে কোনো আপস হবে না। যেমন সবাই মিলে সনদটি তৈরি করেছেন, আমাদের দায়িত্ব সেটিকে বাস্তবে রূপ দেওয়া।”

প্রধান উপদেষ্টা জানান, “যে কলমগুলো দিয়ে সই হবে, সেগুলো জাদুঘরে সংরক্ষিত থাকবে। মানুষ এই দিনটিকে ভুলবে না।”

জুলাই জাতীয় সনদ ২০২৫–এর স্বাক্ষর অনুষ্ঠান আগামী ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা ও ঐকমত্য কমিশনের সদস্যরা উপস্থিত থাকবেন।

এর আগে বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে প্রধান উপদেষ্টা ছাড়াও কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদারসহ আরও কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টা বলেন, “জুলাই সনদ শুধু একটি রাজনৈতিক দলিল নয়, এটি হবে জাতির পুনর্জাগরণের প্রতীক।”

Previous articleএশিয়ান কাপ বাছাইপর্ব থেকে বিদায় নিল বাংলাদেশ
Next articleহাসিনার নির্দেশেই হেলিকপ্টার থেকে গুলি, প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here