জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে হল সংসদের ভোট গণনা শেষ হয়েছে। এখন চলছে কেন্দ্রীয় সংসদের ভোটগণনা। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান।
তিনি বলেন, ‘আমাদের একজন সহকর্মীর মৃত্যুর কারণে ভোট গণনার প্রক্রিয়া কিছুটা ধীরগতিতে চলছিল। পরে উপাচার্যের সঙ্গে বৈঠকের পর আবারও গণনা শুরু হয়েছে। ইতিমধ্যে হল সংসদের ভোটগণনা শেষ হয়েছে। এখন কেন্দ্রীয় সংসদের গণনা চলছে।’
নির্বাচন কমিশনের অন্য সদস্য রেজওয়ানা করিম স্নিগ্ধা জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কেন্দ্রীয় সংসদের ভোটগণনা শুরু হয়। প্রথম ধাপে ৯টি হলের ভোট গণনা হচ্ছে। এর মধ্যে রয়েছে বেগম সুফিয়া কামাল হল, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল, মীর মশাররফ হোসেন হল, শহীদ সালাম-বরকত হল, নওয়াব ফয়জুন্নেসা হল, খালেদা জিয়া হল, শহীদ রফিক-জব্বার হল, তারামন বিবি হল ও জাহানারা ইমাম হল।
প্রধান নির্বাচন কমিশনার জানান, দ্রুত ভোট গণনার জন্য জনবল বাড়ানো হয়েছে। প্রার্থীদের এজেন্টদের উপস্থিতিতে স্বচ্ছতার সঙ্গে ভোট গণনা চলছে। নির্বাচন কমিশনের বাইরে কাউকে গণনার কাজে যুক্ত করা হয়নি বলেও তিনি উল্লেখ করেন।
নির্বাচনে এবার মোট ৩৪০টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬২০ জন প্রার্থী। এর মধ্যে হল সংসদের ৩১৫টি পদের মধ্যে ১৩১ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, ৬৮টি পদ শূন্য রয়ে গেছে। আর কেন্দ্রীয় সংসদের ২৫টি পদের জন্য লড়ছেন ১৭৭ জন প্রার্থী—তাঁদের মধ্যে ১৩২ জন ছাত্র এবং ৪৫ জন ছাত্রী।
বিশ্ববিদ্যালয়ের ১১ হাজার ৭৪৩ জন ভোটারের মধ্যে এবারের নির্বাচনে ভোট পড়েছে ৬৭ থেকে ৬৮ শতাংশ। বৃহস্পতিবার বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হয়। এরপর রাত সাড়ে ১০টার দিকে হাতে গণনা শুরু হয়।
প্রধান নির্বাচন কমিশনার আশা প্রকাশ করেছেন, রাতের মধ্যেই জাকসু ও ২১টি হল সংসদের ফলাফল ঘোষণা করা সম্ভব হবে।























































