চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত জশনে জুলুস র্যালিতে দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে নগরীর মুরাদপুর ও মোহাম্মদপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন হলেন মো. মাহফুজ (৩৫), আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার বাসিন্দা ও মৃত শামসুল আলমের ছেলে। তিনি প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়ে যান, পরে ভিড়ে পদদলিত হয়ে গুরুতর আহত হন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, মোহাম্মদপুর ষোলশহর এলাকায় মানুষের চাপের মুখে একটি ছোট ব্রিজ ভেঙে পড়ে আরেকজন নিহত হন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ছয়জনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান জানান, জশনে জুলুস শেষ হওয়ার পর লোকজন ফেরার সময় ব্রিজ ভেঙে পড়ে দুর্ঘটনাটি ঘটে।























































