বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশে ফ্যাসিবাদ বা স্বৈরতন্ত্রের পুনরুত্থান রোধ করতে হলে সুস্থ রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা জরুরি। এজন্য প্রয়োজন গণতান্ত্রিক চর্চা ও আদর্শভিত্তিক রাজনীতি।
শনিবার (৬ সেপ্টেম্বর) বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকার ধানমন্ডি ক্লাব মাঠে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আয়োজিত ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “নেতাকর্মীরা সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় রাখবে এবং গণতান্ত্রিক কর্মসূচিতে কেউ কারও বাধা হয়ে দাঁড়াবে না—এমন চর্চাই গণতান্ত্রিক সংস্কৃতির অংশ। রাজনৈতিক কর্মকাণ্ডে জবরদস্তিমূলক মনোভাবও পরিহার করতে হবে।”
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হলে সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়েও পরিবর্তন আনতে হবে। এর মাধ্যমে অতীতের ফ্যাসিবাদী চর্চা বিলুপ্ত হবে এবং সব অগণতান্ত্রিক রাজনৈতিক প্রথা ইতিহাসের পাতায় ঠাঁই নেবে।
অনুষ্ঠানে বিএনপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতারা উপস্থিত ছিলেন।























































