বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘২৪ শুধু ইতিহাসের অংশ নয়, এটি আমাদের কলিজার অংশ। আমরা ’২৪–কে যেমন সম্মান করব, তেমনি ’৭১–কেও সম্মান জানাব।’
মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার জাতীয় প্রেসক্লাবে জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণ শাখা আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, গত ৫৪ বছর ধরে জাতির ভাগ্য চোরাবালিতে আটকে ছিল। সাম্প্রতিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে ঐক্য তৈরি হয়েছে, তা ধরে রাখতে পারলে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে। জামায়াত ক্ষমতায় গেলে সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্যের সরকার গঠনের কথা জানান তিনি।
জামায়াত আমির বলেন, ‘জাতিকে সুসংবাদ দিতে চাই—আমরা নির্বাচিত হলে কোনো দলকে বাদ দেওয়া হবে না। সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করব।’
তিনি আরও বলেন, অনেকেই ফ্যাসিবাদের সঙ্গে আপস করলেও জামায়াতে ইসলামী কখনো আপস করেনি। ভবিষ্যতেও কোনো অন্যায় ও অবিচারের সঙ্গে আপস করা হবে না।
নির্বাচনে জয়ী হলে সরকারে অংশ নিতে আগ্রহী দলগুলোর জন্য কিছু শর্তের কথাও জানান ডা. শফিকুর রহমান। তিনি বলেন, যারা জামায়াতের সঙ্গে সরকারে আসতে চাইবে, তাদের দুর্নীতি না করার অঙ্গীকার করতে হবে, বিচার বিভাগের কাজে হস্তক্ষেপ করা যাবে না এবং জুলাই সনদ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে।
আলোচনা সভায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, স্বাধীনতা যুদ্ধে যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে মানুষ প্রাণ দিয়েছিলেন, তা এখনো পূরণ হয়নি। ক্ষমতায় থাকা দলগুলো নিজেদের ভাগ্য বদলালেও সাধারণ মানুষের জীবনে পরিবর্তন আনতে পারেনি।
তিনি ওসমান হাদির ওপর হামলার ঘটনায় হতাশা প্রকাশ করে বলেন, এখনো হামলাকারীদের গ্রেপ্তার করা যায়নি। এ ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করা উচিত।
অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম বলেন, গত ৫৪ বছরেও দেশের মানুষ প্রকৃত স্বাধীনতার স্বাদ পায়নি। শাসকদের কারণে জাতি বারবার বিভক্ত হয়েছে। অভ্যুত্থানের মাধ্যমে যে ঐক্য তৈরি হয়েছিল, তা ধরে রাখতে না পারার ফলেই সহিংসতার ঘটনা ঘটছে।






















































