জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট সংসদে গঠনমূলক ও কার্যকর বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং ১১ দলের লিয়াজোঁ কমিটির সমন্বয়কারী হামিদুর রহমান আযাদ।
শনিবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এর আগে জোটের ১১ দলের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।
হামিদুর রহমান আযাদ বলেন, দেশের স্বার্থ ও জনস্বার্থে নতুন সংসদ কার্যকর করার ক্ষেত্রে তারা আন্তরিক থাকবেন। তবে বাধা দেওয়া হলে রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।
তিনি আরও বলেন, নির্বাচনে অনিয়ম ও ফলাফল কারচুপির অভিযোগ উঠেছে। যেসব আসনে কারচুপির প্রমাণ আছে, সেখানে পুনর্গণনার আবেদন করা হয়েছে। তিনি অভিযোগ করেন, গেজেট দ্রুত প্রকাশ করায় অনেক প্রার্থী আবেদন করার সুযোগ পাননি।






















































