ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসে আবারও পাকিস্তানের মুখোমুখি হতে অস্বীকৃতি জানাল ভারতীয় দল। গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বর্জনের পর সেমিফাইনালেও একই সিদ্ধান্ত নিয়েছেন ভারতের শিখর ধাওয়ান, ইরফান পাঠান, হরভজন সিং, যুবরাজ সিং, সুরেশ রায়নাসহ একাধিক সাবেক তারকা।
কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনাকে কারণ দেখিয়ে পাকিস্তানের বিপক্ষে না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। এর ফলে বৃহস্পতিবার এজবাস্টনে নির্ধারিত সেমিফাইনালটি অনিশ্চয়তার মুখে পড়েছে।
আয়োজকরা এখনো ম্যাচটির ভবিষ্যৎ নিয়ে কোনো সিদ্ধান্ত ঘোষণা করেননি। এর আগে গ্রুপ পর্বে ম্যাচ বর্জনের পর আয়োজকরা খেলা বাতিল করে ভারতীয় ইউনিটের কাছে ক্ষমা চেয়েছিলেন।
পাকিস্তান লিগ পর্বে পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে জিতে শীর্ষে থেকে সেমিফাইনালে উঠেছে। অন্যদিকে ভারত চতুর্থ স্থানে থেকে ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন্সকে হারিয়ে শেষ চারে পৌঁছায়।
এরই মধ্যে টুর্নামেন্টের অন্যতম স্পনসর ইজিমাইট্রিপ ঘোষণা দিয়েছে যে তারা ভারত-পাকিস্তান সেমিফাইনালের সঙ্গে যুক্ত থাকবে না। কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা নিশান্ত পিট্টি এক্সে লিখেছেন, “সন্ত্রাসবাদ এবং ক্রিকেট এক সঙ্গে চলতে পারে না। এই সিদ্ধান্ত জাতীয় স্বার্থে নেওয়া হয়েছে।”
এশিয়া কাপে আগামী ১৪ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান ম্যাচ নির্ধারিত রয়েছে। তবে সেটি বর্জনের কোনো ঘোষণা আসেনি।





















































