চলতি জানুয়ারি মাসের প্রথম ২০ দিনে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে নিলামের মাধ্যমে ৭৪৩ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার দুটি বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ৪৫ মিলিয়ন ডলার কেনা হয় বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।
এতে চলতি ২০২৫–২৬ অর্থবছরে নিলামের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ডলার কেনার পরিমাণ দাঁড়িয়েছে ৩ দশমিক ৮৮ বিলিয়ন ডলারে। কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, বৈদেশিক মুদ্রাবাজারে ভারসাম্য বজায় রাখতেই এই ক্রয় কার্যক্রম চালানো হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, বাণিজ্যিক ব্যাংকগুলো স্বতঃস্ফূর্তভাবে ডলার বিক্রি করায় বাজারে টাকার প্রবাহ বেড়েছে। ডলার প্রবাহ বৃদ্ধির ফলে আমানতের প্রবৃদ্ধি বাড়ছে এবং ব্যালেন্স অব পেমেন্টের আর্থিক হিসাব উদ্বৃত্তে এসেছে।
ব্যাংকাররা জানান, সরকারের বৈদেশিক পরিশোধ দায় কমে যাওয়া, ব্যবসায়িক কার্যক্রমে স্থবিরতা এবং বিনিয়োগ দুর্বল থাকায় ডলারের চাহিদা কমেছে। ফলে বৈদেশিক মুদ্রাবাজারে চাপ কিছুটা কমেছে।



















































