প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহার একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টাল ভোটিং ব্যবস্থা নিয়ে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, যা নির্বাচন প্রক্রিয়ার জন্য উদ্বেগজনক।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটরিয়ামে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পোস্টাল ভোটিং সিস্টেম নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা বলেন সিইসি। তিনি জানান, ভুল বোঝাবুঝি দূর করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নতুন এই উদ্যোগে কিছু চ্যালেঞ্জ থাকলেও এর পেছনে কোনো অসৎ উদ্দেশ্য নেই বলে তিনি উল্লেখ করেন।
সিইসি আরও বলেন, বিশ্বের ১২২টি দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার উদ্যোগ একটি সাহসী ও ঝুঁকিপূর্ণ পদক্ষেপ। এই উদ্যোগ সফল হলে বিশ্ব ইতিহাসে বাংলাদেশের নাম উজ্জ্বল হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।





















































