ব্যাংক একীভূতকরণে সরকার লাভসহ বিনিয়োগ ফেরত পাবে: গভর্নর আহসান এইচ মনসুর

0
144

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন, ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়ায় সরকার যে বিনিয়োগ করবে, তা লাভজনক প্রমাণিত হবে এবং সরকার লাভসহ ফেরত পাবে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) ২০২৫-২৬ অর্থবছরের (জুলাই-ডিসেম্বর) মুদ্রানীতি ঘোষণা অনুষ্ঠানে তিনি বলেন, “একীভূত ব্যাংকগুলোর প্রতি জনগণের আস্থা বাড়বে। সরকারের বিনিয়োগ শুধু নিরাপদই নয়, তা লাভজনকও হবে।”

গভর্নর জানান, বিতর্কিত এস আলম গ্রুপের ঋণ-অনিয়মে দুর্বল হয়ে পড়া পাঁচটি ব্যাংক প্রথম ধাপে একীভূত করা হবে। এ জন্য বড় অঙ্কের অর্থ সহায়তা দেবে সরকার। তিনি আশ্বাস দেন, এসব ব্যাংকের আমানতকারীদের টাকা সম্পূর্ণ নিরাপদ এবং প্রত্যেকে তাদের অর্থ ফেরত পাবেন।

তিনি বলেন, “খুঁড়িয়ে খুঁড়িয়ে দুর্বল ব্যাংকিং ব্যবস্থা চলতে দেওয়া যায় না। আমাদের দায়িত্ব হলো সরকারের সঙ্গে সমন্বয় করে ব্যাংক খাতকে সুসংগঠিত করা। সেপ্টেম্বরের মধ্যে প্রথম ধাপের মার্জার সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।”

গভর্নর আরও জানান, নতুন বিনিয়োগের পরিবেশ তৈরিতে বাংলাদেশ ব্যাংক ডলার বাজার স্থিতিশীল রাখা এবং শিল্পের কাঁচামাল আমদানিতে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার ওপর জোর দিচ্ছে।

ইসলামী ব্যাংকে চেয়ারম্যান নিয়োগ নিয়ে অস্থিরতা প্রসঙ্গে গভর্নর বলেন, “যখন কোথাও অনিয়ম দেখা দেয়, বাংলাদেশ ব্যাংক তাৎক্ষণিক পদক্ষেপ নেয়। অভ্যন্তরীণ স্বার্থান্বেষী গোষ্ঠীর বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনা হবে।”

তিনি আরও উল্লেখ করেন, অর্থ পাচার নিয়ন্ত্রণে এসেছে এবং বিদেশে আটকে থাকা অর্থ ফেরাতে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স চুক্তির আওতায় পদক্ষেপ চলছে।

Previous articleউচ্চকক্ষে পিআর পদ্ধতিতে ১০০ আসনের প্রস্তাবের পক্ষে ঐকমত্য কমিশন, বিএনপির বিরোধিতা
Next articleওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসে পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালেও খেলবে না ভারত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here