নিজস্ব প্রতিবেদক
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজ শুক্রবার ঢাকার সেনানিবাসের সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কুশল বিনিময় করেছেন। অনুষ্ঠানস্থলে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ জামানও উপস্থিত ছিলেন।
বিকেলে সেনাকুঞ্জে পৌঁছালে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান সেনাপ্রধান এবং বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেন, বিকেল ৩টা ৫০ মিনিটে খালেদা জিয়া গুলশানের বাসা থেকে সেনাকুঞ্জের উদ্দেশে রওনা হন। তাঁর সঙ্গে ছিলেন প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অধ্যাপক জাহিদ হোসেন।
দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু ও হাফিজ উদ্দিন আহমেদও অনুষ্ঠানে যোগ দেন।






















































