নিজস্ব প্রতিবেদক
দেশে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে নরসিংদী, ঢাকা ও নারায়ণগঞ্জে দুই শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন। শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে নরসিংদী সদর ও পলাশের মাঝামাঝি এলাকায় ভূমিকম্পটি অনুভূত হয়। আহত হয়েছেন শতাধিক মানুষ।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, কম্পনের মাত্রা ছিল ৫.৭। তবে ইউএসজিএস বলছে মাত্রা ৫.৫; কেন্দ্রস্থল নরসিংদীর পশ্চিম–দক্ষিণ-পশ্চিমে ১৪ কিলোমিটার দূরে।
ঢাকায় ৪ জনের মৃত্যু
পুরান ঢাকার আরমানিটোলায় একটি পাঁচতলা ভবনের রেলিং ও ভারা ধসে পড়ে তিন পথচারী নিহত হন। গুরুতর আহত আরেকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের মধ্যে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী রাফিউল ইসলাম (২১), সবুজ (৩০) ও এক অজ্ঞাত ব্যক্তি রয়েছেন। রাফিউলের মা আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
এ ছাড়া মুগদার মদিনাবাগে নির্মাণাধীন ভবনের রেলিং ধসে পড়ে নিরাপত্তাকর্মী মাকসুদ (৫০) মারা যান।
ঢাকার জেলা প্রশাসক মো. রেজাউল করিম নিহতের সংখ্যা চারজন বলে নিশ্চিত করেছেন।























































