নিজস্ব প্রতিবেদক
ঢাকা | ২৫ অক্টোবর ২০২৫
নির্বাচনকে সামনে রেখে দেশে সংঘাতের আশঙ্কা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।
শনিবার সকালে রাজধানীর সেগুনবাগিচার বিএম ভবনে ‘মাজার সংস্কৃতি: সহিংসতা, সংকট ও ভবিষ্যৎ ভাবনা’ শীর্ষক সংলাপে তিনি বলেন, ‘দেশ এখন এক সংকটপূর্ণ সময়ের মধ্যে আছে। নির্বাচনের আগ পর্যন্ত প্রধান উপদেষ্টা থাকায় অনেকে সংঘাতে জড়াচ্ছেন না। কিন্তু সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছেন, এবং কয়েক মাসের মধ্যেই সেটি দেখা যাবে।’
তিনি আরও বলেন, ধর্মীয় দৃষ্টিকোণ এতে যুক্ত হলে দেশের পরিস্থিতি আরও খারাপ হতে পারে।
ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়ে মাহফুজ আলম বলেন, কিছু মহল ‘দরবার’ বা মাজারের সঙ্গে যোগাযোগ তৈরির চেষ্টা করছে। ‘ড. মুহাম্মদ ইউনূস এসে তোমাদের মাজার ভেঙে দিচ্ছে’—এমন প্রচারণা চালানো হচ্ছে,’ বলেন তিনি।
তথ্য উপদেষ্টা মনে করেন, রাষ্ট্রীয় ফ্যাসিবাদ চলে গেলেও সমাজে তার প্রভাব রয়ে গেছে। দেশে মুসলমানদের নানা তরিকা ও মতভেদের সমন্বয়ের প্রশ্নে রাজনৈতিক নেতৃত্বের কোনো উদ্যোগ ছিল না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, গত ১৫ বছরে সুফি ভাবধারার একটি অংশ আত্মরক্ষার প্রয়োজনে ক্ষমতাসীনদের সঙ্গে থেকেছে। আওয়ামী লীগের রাজনীতি সম্পর্কে তিনি বলেন, ‘চার মূলনীতি বা মুজিববাদ রাষ্ট্র পরিচালনার ভিত্তি হলেও তাতে বাঙালি মুসলমানের পরিচয়কে আলাদা করার প্রবণতা আছে।’
মাহফুজ আলম জানান, বিভিন্ন মুসলিম দেশের দূতাবাসও নিজেদের মতাদর্শিক এজেন্ডা নিয়ে কাজ করছে—কেউ মাজারকে শক্তিশালী করতে চায়, কেউ চায় এগুলো দুর্বল হোক।
সম্প্রতি মাজারে হামলার ঘটনায় ক্ষতিগ্রস্তদের মামলা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এই সংস্কৃতি টিকে গেলে কাল অন্য দলের ইসলাম আসবে, অন্য মসজিদ ভেঙে ফেলবে। এটা বাংলাদেশের মতো রাষ্ট্রে চলতে পারে না।’






















































