ভারত–পাকিস্তান ক্রিকেট মানেই আলাদা রোমাঞ্চ। সীমান্তের বাইরে কোটি মানুষের চোখ থাকে এই লড়াইয়ে। মে মাসের রক্তাক্ত সীমান্ত সংঘর্ষের স্মৃতি এখনো তাজা। তার মধ্যেই এশিয়া কাপে দুবাইয়ে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।
এমন উত্তেজনাপূর্ণ ম্যাচকে ঘিরে শিষ্যদের শান্ত থাকার পরামর্শ দিয়েছেন পাকিস্তানের নতুন কোচ মাইক হেসন। তাঁর মতে, মাঠে আবেগ নয়, মনোযোগী হতে হবে কেবল ক্রিকেটে।
হেসন বলেন, ‘আমি সব সময় একই কথা বলি—হোক সেটা বিশ্বকাপ ফাইনাল বা সাধারণ ম্যাচ। হাতে থাকা কাজে মনোযোগী থাকাটাই সবচেয়ে জরুরি। রবিবারের ম্যাচও আলাদা কিছু নয়।’
ভারত এখন দুর্দান্ত ফর্মে। আরব আমিরাতকে ১৩.১ ওভারে গুটিয়ে দেওয়ার পর মাত্র ৪.৩ ওভারে লক্ষ্য পূর্ণ করেছে তারা। বিশ্বকাপ জয়ের পর থেকে খেলা ২১টি টি-টোয়েন্টির মধ্যে জয় এসেছে ১৮টিতে।
অন্যদিকে পাকিস্তানও আফগানিস্তান ও আরব আমিরাতকে নিয়ে হওয়া ত্রিদেশীয় সিরিজ জিতে এসেছে। হেসন বলছেন, ‘আমরা প্রতিদিন দল হিসেবে উন্নতি করতে চাই। তবে নিজেদের নিয়ে বাড়তি আত্মবিশ্বাসে ভাসতে চাই না।’
কোচ হিসেবে ভারত–পাকিস্তান ম্যাচে প্রথমবারের মতো ডাগআউটে বসবেন হেসন। তাঁর চোখে এটা এক বিশেষ অভিজ্ঞতা, ‘দূর থেকে বহু ভারত–পাকিস্তান ম্যাচ দেখেছি। এবার মাঠের ভেতর থেকে সেই আবেগ অনুভব করতে পারা সত্যিই অসাধারণ।’
এশিয়া কাপে ‘এ’ গ্রুপে আছে ভারত, পাকিস্তান, ওমান ও আরব আমিরাত। ‘বি’ গ্রুপে শ্রীলঙ্কা, আফগানিস্তান, হংকং ও বাংলাদেশ। প্রতিটি গ্রুপ থেকে সেরা দুই দল উঠবে সুপার ফোরে। সেখান থেকেই নির্ধারিত হবে ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে ফাইনালের দুই দল।






















































