টিবিএস রিপোর্ট
ডেলটা লাইফ সাইন্সেস পিএলসি জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এনএসইজেড) ৩০ একর জমি বরাদ্দের জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-এর সঙ্গে লিজচুক্তি স্বাক্ষর করেছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর বেজা কার্যালয়ে উভয় পক্ষের প্রতিনিধি অনুষ্ঠানে চুক্তি সই করেন।
ডেলটা ফার্মা লিমিটেড প্রায় ৩১ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে আধুনিক উৎপাদন সুবিধা গড়ে তুলবে। এটি থেকে প্রায় ৭০০ জনের প্রত্যক্ষ কর্মসংস্থান তৈরি হবে।
বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, “জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল বিনিয়োগকারীদের জন্য অনন্য সুযোগ তৈরি করেছে। ফার্মাসিউটিক্যালস খাতের এ ধরনের বিনিয়োগ দেশের ওষুধ শিল্পকে বৈশ্বিক প্রতিযোগিতায় নতুন উচ্চতায় পৌঁছে দেবে।”
ডেলটা ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. জাকির হোসেন জানান, “আমাদের লক্ষ্য বাংলাদেশকে উন্নত ওষুধ উৎপাদন ও গবেষণার আঞ্চলিক কেন্দ্র হিসেবে গড়ে তোলা। প্রথম ধাপে ওরাল সলিড ও অনকোলজি মেডিসিন উৎপাদন শুরু হবে। আগামী তিন বছরের মধ্যে উৎপাদনে যাওয়ার পরিকল্পনা রয়েছে।”
ডেলটা ফার্মা ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয়। ২০০৭ সালে এটি পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হয়। বর্তমানে ১০৯টির বেশি জেনেরিক ওষুধ উৎপাদন করছে এবং বিশ্বের প্রায় ১৫টি দেশে রপ্তানি করছে।
জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ইতোমধ্যে ১৪টি শিল্প প্রতিষ্ঠান উৎপাদনে গেছে, এবং আরও ২০টির নির্মাণকাজ চলছে। এটি দেশের বৃহত্তম পরিকল্পিত শিল্পাঞ্চল, যেখানে শিল্পের পাশাপাশি নগর ব্যবস্থার সুবিধা থাকবে।























































