বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১২ কোটি ৩৭ লাখ টাকা। আইপিএল নিলামে বাংলাদেশের কোনো খেলোয়াড়ের জন্য এটিই সর্বোচ্চ দাম।
নিলামে মুস্তাফিজের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। তাঁকে দলে নিতে শুরুতে আগ্রহ দেখায় দিল্লি ক্যাপিটালস। এরপর লড়াইয়ে যোগ দেয় চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স। শেষ পর্যন্ত কলকাতাই সর্বোচ্চ দর হাঁকিয়ে এই বাঁহাতি পেসারকে দলে ভেড়ায়।
আইপিএলে এটি মুস্তাফিজুর রহমানের ষষ্ঠ দল। এর আগে তিনি সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন। এর আগে ২০১৮ সালে মুম্বাই ইন্ডিয়ানস তাঁকে ২ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছিল, যা ছিল তাঁর আগের সর্বোচ্চ মূল্য।
আইপিএল ক্যারিয়ারে এখন পর্যন্ত আট মৌসুমে ৬০ ম্যাচে ৬৫ উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান।






















































