প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, পরাজিত ফ্যাসিস্ট শক্তি এ দেশের পবিত্র মাটিতে আর কোনোদিন ফিরে আসতে পারবে না। ফ্যাসিবাদ ও সন্ত্রাসের মাধ্যমে যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদের ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। বিটিভিসহ বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলে ভাষণটি সরাসরি সম্প্রচার করা হয়।
ভাষণে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর সাম্প্রতিক হামলার প্রসঙ্গ তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, এই হামলা শুধু একজন ব্যক্তির ওপর নয়, এটি বাংলাদেশের অস্তিত্ব ও গণতান্ত্রিক পথচলার ওপর আঘাত। এ ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
ড. ইউনূস জানান, শরিফ ওসমান হাদি বর্তমানে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। তাঁর চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে।
ভাষণের শুরুতে দেশ-বিদেশে অবস্থানরত সব বাংলাদেশিকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা। তিনি মহান মুক্তিযুদ্ধসহ স্বাধীনতার জন্য আত্মত্যাগকারী শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাভরে স্মরণ করেন।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের যে সুযোগ তৈরি হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তা আবারও সামনে এসেছে।
নির্বাচন সামনে রেখে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চলছে উল্লেখ করে ড. ইউনূস বলেন, তরুণরাই পরাজিত শক্তির পুনরুত্থানের সবচেয়ে বড় বাধা। সে কারণেই নির্বাচনকে সামনে রেখে সহিংসতা ও চোরাগোপ্তা হামলার মাধ্যমে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা হচ্ছে।
প্রধান উপদেষ্টা আরও বলেন, উৎসবমুখর ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে জনগণই দেশের ওপর তাদের পূর্ণ অধিকার প্রতিষ্ঠা করবে। নির্বাচনের আগের সময়টুকু শান্তিপূর্ণ রাখতে সবাইকে সহিংসতা ও বিভেদ থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি।























































