‘
নির্বাচনে অংশ না নিলে জামায়াতের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচন যত দেরি হবে, দেশ তত দুর্বল অবস্থায় পড়বে। তাই প্রধান উপদেষ্টার ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হওয়া জরুরি।
শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন বিএনপি মহাসচিব।
জামায়াতকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনারা তো অনেক আগ থেকেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। যত বিলবোর্ড–পোস্টার দেখলাম, তা অন্য কোনো দলের ক্ষেত্রে দেখিনি।’
পানিবণ্টন ইস্যু নিয়ে উদ্বেগ জানিয়ে ফখরুল বলেন, ২০২৬ সালে বাংলাদেশ–ভারতের পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। এ অবস্থায় আগামী নির্বাচনে যে সরকার আসবে, সরকারটি শক্তিশালী না হলে পদ্মার পানির ক্ষেত্রে বাংলাদেশ আরও ক্ষতিগ্রস্ত হতে পারে।
গণসমাবেশে যোগ দিতে সকালে চাঁপাইনবাবগঞ্জ এসে মহানন্দা নদীর ওপর নির্মিত রাবার ড্যাম পরিদর্শন করেন তিনি। সেখানে ভারতের সঙ্গে ‘সমমর্যাদার ভিত্তিতে সম্পর্ক’ বজায় রাখার ওপর জোর দেন মির্জা ফখরুল।
গত দুই সপ্তাহ ধরে অভিন্ন নদী পদ্মার ন্যায্য পানিবণ্টনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে নানা কর্মসূচি চলছে। সেই কর্মসূচির অংশ হিসেবেই শনিবারের এই গণসমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর বিএনপি প্রার্থীদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তাদের পক্ষে ভোট চান।























































