নিজস্ব প্রতিবেদক
খুলনা ● ১৫ নভেম্বর ২০২৫
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অতীতের বিতর্কে জড়িত কোনো পুলিশ কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ দায়িত্বে রাখা হবে না বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেছেন, গত তিনটি জাতীয় নির্বাচনের তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার একটি অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে পুলিশ বদ্ধপরিকর।
শনিবার বিকেলে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) লাইনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন আইজিপি। এর আগে তিনি নির্বাচন সামনে রেখে পুলিশের অভ্যন্তরীণ প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন।
আইজিপি বলেন, ‘মানুষ নির্বাচনকে স্বাগত জানাচ্ছে। সবাই চাইছে একটি সুষ্ঠু নির্বাচন হোক। বিগত তিনটি নির্বাচন নিয়ে সমালোচনা আছে। আমরা চাই, এবার যেন কোনো পক্ষ সমালোচনার সুযোগ না পায়। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে পুলিশ নিজ উদ্যোগে প্রশিক্ষণ নিচ্ছে।’
তিনি আরও বলেন, ‘গত তিন নির্বাচনে কোনো কোনো সদস্য দায়িত্ব থেকে বিচ্যুত হয়েছিল বা ভুল করতে বাধ্য হয়েছিল। এবার সেই ভুলগুলো সংশোধনের প্রস্তুতি নিচ্ছে পুলিশ। একটি সফল নির্বাচন অনুষ্ঠানে পুলিশ সদস্যরা উজ্জীবিত।’
ক্রসফায়ার ইস্যুতে প্রশ্নের জবাবে বাহারুল আলম বলেন, ‘আমরা ক্রসফায়ার দিয়ে অপরাধ দমন করতে চাই না। আইনের শাসন প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। অপরাধীকে আদালতে পাঠানোর মাধ্যমেই বিচার হবে।’
সাইবার অপরাধ মোকাবিলায় সীমাবদ্ধতার কথা উল্লেখ করে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এআই ব্যবহার করে নানা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এসব বিষয়ে প্রথমে বিটিআরসিকে জানানো হয়, পরে বিটিআরসি মেটাকে জানায়। তবে সব অনাকাঙ্ক্ষিত কনটেন্ট অপসারণ সম্ভব হয় না।
আগামী নির্বাচনে বিতর্কিত কর্মকর্তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে আইজিপি বলেন, ‘কোনো বিতর্কিত ব্যক্তি গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকবে না। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী পুলিশ কাজ করবে। সরকারও একটি সুষ্ঠু নির্বাচন চায়, আমরাও তা-ই চাই।’
মতবিনিময় সভায় খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম এবং কেএমপি কমিশনার জুলফিকার আলী হায়দারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।























































