সংস্কার প্রক্রিয়া সরকারের ইচ্ছামতো ভাগ হয়ে গেছে: আখতার হোসেন

0
132

নিজস্ব প্রতিবেদন
ঢাকা ● ১৫ নভেম্বর ২০২৫

সংস্কার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। তাঁর অভিযোগ, সরকারের ইচ্ছামতো সংস্কার প্রক্রিয়া ভাগ হয়ে যাওয়ায় জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে এখন অনিশ্চয়তা তৈরি হয়েছে।

শনিবার রাজধানীর ফার্মগেটে তরুণ কৃষি উদ্যোক্তা বিষয়ক একটি সেমিনারে বক্তৃতাকালে এসব কথা বলেন এনসিপির এ নেতা।

আখতার হোসেন বলেন, ‘কিছু রাজনৈতিক দল গণভোটের আড়ালে কৃষকের অধিকারকে গৌণ করে দেখাচ্ছে। অথচ গণভোট ও কৃষকের অধিকার—দুটোই সমান গুরুত্বপূর্ণ। সংস্কার আর কৃষকের অধিকার আলাদা কিছু নয়, বরং একই সূত্রে গাঁথা।’

অভিযোগ তুলে তিনি বলেন, ‘আওয়ামী বয়ানের উন্নয়নের বাংলাদেশে সবচেয়ে বেশি ঠকেছে কৃষকেরা। ঋণের জালে আটকা পড়ে তারা দিশেহারা। অন্যদিকে নেতারা দেশের টাকা বাইরে পাচার করেছেন।’ তিনি আরও বলেন, পলিসি-নির্ভর বাংলাদেশ গড়তে হলে কৃষিকে বাঁচিয়ে রাখাই হবে প্রথম শর্ত।

দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও হতাশা প্রকাশ করেন এনসিপির সদস্যসচিব। তাঁর ভাষায়, ‘৫ আগস্টের পরও সহিংসতা-মারামারি চলতে থাকায় মানুষ উদ্বিগ্ন।’

এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেন, দেশে আবাদি জমি খালি রাখা যাবে না। সরকারি-বেসরকারি উদ্যোগে চাষাবাদ নিশ্চিত করতে হবে। সারের সংকটের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘ঘরে চোর থাকলে বিদেশের চোরের দরকার পড়ে না।’

খাল-নদী দখলদারদের কারণে উদ্ধার অভিযান কঠিন হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, ‘খাল-নদী উদ্ধারে গেলে দেশে গৃহযুদ্ধ লেগে যাবে। প্রভাবশালীরা এসব দখল করে রেখেছে।’

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের প্রসঙ্গ টেনে তিনি বলেন, যুক্তরাষ্ট্রকেন্দ্রিক অর্থনীতির বিকল্প গড়তেই তাঁকে আনা হয়েছিল। ‘কিন্তু শেষ পর্যন্ত এস্টাবলিশমেন্টের চাপে তিনিও আত্মসমর্পণ করেছেন,’ মন্তব্য তাঁর।

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, ‘ছাত্ররাজনীতি আর জাতীয় রাজনীতির মধ্যে আকাশ–পাতাল ব্যবধান। জাতীয় রাজনীতি এখন গুণ্ডা–চাঁদাবাজদের দখলে।’

সভায় দলের অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।

Previous articleবিতর্কিত পুলিশ কর্মকর্তাদের নির্বাচনে গুরুত্বপূর্ণ দায়িত্ব নয়: আইজিপি
Next articleরমজানের আগে নিত্যপণ্যের আমদানি বিল পরিশোধে ৯০ দিনের সময় দিল বাংলাদেশ ব্যাংক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here