বিএনপি ক্ষমতায় গেলে বিডিআরের নাম পুনর্বহাল করা হবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্য ও পিলখানায় শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, ২০০৯ সালে পিলখানায় সেনা হত্যাযজ্ঞের পর বিডিআরের নাম পরিবর্তন করা হয়েছিল। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বিডিআরের নাম ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, সে লক্ষ্যে সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করে পিলখানার ঘটনার দিনটিকে ‘শহীদ সেনা দিবস’, ‘সেনা হত্যাযজ্ঞ দিবস’ অথবা ‘জাতীয় শোক দিবস’ হিসেবে ঘোষণা করার পরিকল্পনা রয়েছে।
সেনাবাহিনীর ভূমিকা প্রসঙ্গে তারেক রহমান বলেন, জনগণ সেনাবাহিনীকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের নির্ভরযোগ্য প্রহরী হিসেবে মনে করে। তবে সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। বিএনপি ক্ষমতায় এলে সেনাবাহিনীকে কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে দেওয়া হবে না বলে জানান তিনি।
এ সময় তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সেনাবাহিনীর আইন ও বিধিমালার প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করে তাদের দাবি-দাওয়াগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের কথাও বলেন তিনি।
এ ছাড়া সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা ও সদস্যদের দীর্ঘদিনের দাবি ‘ওয়ান র্যাঙ্ক, ওয়ান বেনিফিট’ বিএনপির নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও জানান তারেক রহমান।





















































