বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বলেছেন, চীনের বৃহত্তম ব্যবসায়ী প্রতিনিধিদলের সফরের মাধ্যমে বাংলাদেশ-চীন অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।
রাজধানীতে অনুষ্ঠিত ‘চীন-বাংলাদেশ বিনিয়োগ ও বাণিজ্য বিষয়ক সম্মেলনের’ পর এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই সম্মেলন দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। চীনের ১৪৩টি প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বকারী প্রায় ২৫০ জন ব্যবসায়ী ও বিনিয়োগকারী এতে অংশ নেন, যার মধ্যে অনেক শীর্ষস্থানীয় কোম্পানি রয়েছে।
চীনের বাণিজ্য মন্ত্রণালয় এবং ঢাকাস্থ চীনা দূতাবাসের সহযোগিতায় বেজা ও বিডা এই অনুষ্ঠানের আয়োজন করে। সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস, আর বিশেষ অতিথি হিসেবে যোগ দেন চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও।
সম্মেলনের টেকনিক্যাল সেশনে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ, অর্থনৈতিক অঞ্চল, গার্মেন্টস ও টেক্সটাইল খাতে যৌথ উদ্যোগ, ইলেকট্রনিক্স ও যন্ত্রপাতি শিল্পে চীনা প্রযুক্তি স্থানান্তর এবং কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাত শিল্পে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
প্রায় ৫৫০ জন প্রতিনিধি সম্মেলনে অংশ নিয়ে বি-টু-বি ও বি-টু-জি অধিবেশনে ১০০টিরও বেশি দ্বিপাক্ষিক বৈঠক করেন। এসব বৈঠকে দুই দেশের উদ্যোক্তারা সম্ভাব্য যৌথ প্রকল্প নিয়ে মতবিনিময় করেন।
চৌধুরী আশিক মাহমুদ আরও জানান, সম্মেলনে বেজা এবং পাওয়ার চায়না ইন্টারন্যাশনাল গ্রুপ লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর আওতায় চাঁদপুর জেলার মতলব উত্তরে একটি চীনা এগ্রিভোল্টাইক্স অর্থনৈতিক অঞ্চল স্থাপন করা হবে।






















































