এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। আবুধাবিতে শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় মাঠে নামবে দুই দল। ম্যাচটি জিতলে সুপার ফোরে জায়গা করে নেওয়ার পথ আরও পরিষ্কার হয়ে যাবে টাইগারদের।
গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে হংকংকে হারিয়ে জয় দিয়ে আসর শুরু করেছে বাংলাদেশ। অন্যদিকে এখনো মাঠে নামেনি শ্রীলঙ্কা। তবে এই দলই ছিল ২০২২ সালের এশিয়া কাপের চ্যাম্পিয়ন। ফলে লঙ্কানদের বিপক্ষে ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা।
সাম্প্রতিক বছরগুলোতে দুই দলের লড়াই মাঠের ভেতর যেমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে, তেমনি মাঠের বাইরেও তৈরি করেছে আলোচনার ঝড়। খেলোয়াড়দের আগ্রাসী মনোভাবের কারণে বিতর্কও হয়েছে কম নয়। তাই সমর্থকদের কাছে বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বৈরথ সবসময়ই অন্য রকম রোমাঞ্চ নিয়ে আসে।






















































