ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণার পর কানাডার পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের

0
191

ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার ঘোষণার পর কানাডার সঙ্গে শুল্ক–যুদ্ধকে নতুন মাত্রায় নিয়ে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কানাডার সুনির্দিষ্ট কিছু পণ্যের ওপর শুল্কহার ২৫ থেকে বাড়িয়ে ৩৫ শতাংশ করার ঘোষণা দিয়েছেন তিনি।

রয়টার্স ও এএফপি জানিয়েছে, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন। ট্রাম্প তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘ওয়াও! এইমাত্র কানাডা ঘোষণা দিয়েছে, তারা ফিলিস্তিন রাষ্ট্র গঠন প্রক্রিয়াকে সমর্থন করবে। যার ফলে তাদের সঙ্গে বাণিজ্য চুক্তি করা আমাদের জন্য খুব কঠিন হয়ে গেল।’

ট্রাম্প পরে হোয়াইট হাউস থেকে জানিয়ে দেন, শুল্ক বৃদ্ধি কানাডার ক্ষেত্রে আজ থেকেই কার্যকর হবে। যদিও ২০২০ সালে যুক্তরাষ্ট্র–মেক্সিকো–কানাডা চুক্তির আওতাধীন পণ্যে নতুন শুল্ক প্রযোজ্য হবে না।

উল্লেখ্য, মেক্সিকোর পর কানাডাই যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার এবং মার্কিন পণ্যের সবচেয়ে বড় ক্রেতা। গত বছর যুক্তরাষ্ট্র থেকে কানাডা ৩৪৯.৪ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে, আর রপ্তানি করেছে ৪১২.৭ বিলিয়ন ডলার।

ট্রাম্পের এই সিদ্ধান্ত এমন এক সময়ে এলো যখন দুই দেশের মধ্যে ডিজিটাল সেবা কর, ইস্পাত ও অ্যালুমিনিয়ামের শুল্ক নিয়ে উত্তেজনা চলছিল। এর আগে ফ্রান্স ও যুক্তরাজ্যের মতো কানাডাও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয়। প্রধানমন্ত্রী কার্নি গাজার মানবিক পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন, ‘গাজায় মানবিক বিপর্যয় চলছে, কানাডা এ পরিস্থিতির নিন্দা জানাচ্ছে।’

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কানাডার এই অবস্থান প্রত্যাখ্যান করেছে। ট্রাম্পের ঘোষণার পর কানাডা তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

Previous articleবিশ্বকাপের প্রস্তুতিতে নভেম্বর-ডিসেম্বরে এলপিএল
Next articleনতুন সংবিধান ও র‍্যাব বিলুপ্তির দাবিতে এনসিপির ২৪ দফা ইশতেহার ঘোষণা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here