নিজস্ব প্রতিবেদক
দেশে জ্বালানি ও বিদ্যুৎ খাতের চলমান সংকট মোকাবিলায় বিদ্যুতের মূল্য সমন্বয় পর্যালোচনায় উচ্চপর্যায়ের মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার।
গত ৯ এপ্রিল এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে । পরে সোমবার তা প্রকাশ করা হয়।
৬ সদস্যের এ কমিটির আহ্বায়ক করা হয়েছে অর্থমন্ত্রীকে। কমিটির অন্য সদস্যরা হলেন—বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, অর্থ বিভাগের সচিব, বিদ্যুৎ বিভাগের সচিব এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বৈশ্বিক পরিস্থিতির প্রভাবে জ্বালানি ও বিদ্যুতের বাড়তে থাকা সংকট মোকাবিলায় বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্যহার সমন্বয়ের বিষয়ে প্রস্তাব প্রণয়নের লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে।
কমিটি বিস্তারিত পর্যালোচনা করে মন্ত্রিসভা বৈঠকের জন্য সুনির্দিষ্ট প্রস্তাব দেবে। প্রয়োজনে তারা অতিরিক্ত সদস্য কো-অপ্ট করতে পারবে এবং প্রয়োজন অনুযায়ী বৈঠক করবে। এ ক্ষেত্রে সচিবিক সহায়তা দেবে বিদ্যুৎ বিভাগ।
সরকারের এ উদ্যোগকে বিদ্যুৎ ও জ্বালানি খাতের চলমান চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।






















































