যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে প্রস্তুত বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

0
158

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১৫ সেপ্টেম্বর) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডেন লিঞ্চের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও উন্নয়ন সহযোগিতার সম্পর্ক আরও গভীর করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আশা প্রকাশ করেন, এ উদ্যোগের ফলে মার্কিন বাজারে বাংলাদেশের রপ্তানিপণ্যের ওপর আরোপিত শুল্ক আরও কমবে।

তিনি বলেন, “আমাদের স্বার্থের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিল রয়েছে। এ কারণে আলোচনা প্রক্রিয়া আরও সহজ ও আশাব্যঞ্জক হয়ে উঠেছে।”

গত ৩১ জুলাই যুক্তরাষ্ট্র বাংলাদেশের রপ্তানিপণ্যের ওপর শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করে। বৈঠকে এ জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন ড. ইউনূস এবং এটিকে দ্বিপাক্ষিক বাণিজ্যের একটি বড় মাইলফলক হিসেবে উল্লেখ করেন।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, বৈঠকে দুই দেশের বাণিজ্য ঘাটতি কমানো, তুলা ও সয়াবিনসহ কৃষিপণ্য আমদানি, জ্বালানি খাতে সহযোগিতা, এলপিজি আমদানি, বেসামরিক বিমান কেনা, মাদক নিয়ন্ত্রণ এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়েছে।

ড. ইউনূস আরও জানান, অন্তর্বর্তী সরকার স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামো খাতে বিনিয়োগ বাড়াতে এবং বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগের পরিবেশ উন্নত করতে কাজ করবে।

বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, টেকসই উন্নয়নবিষয়ক জ্যেষ্ঠ সচিব লামিয়া মোরশেদসহ মার্কিন প্রতিনিধি দলের সদস্যরা।

Previous articleরপ্তানি পণ্যে যুক্তরাষ্ট্রের কাঁচামাল ব্যবহার হলে শুল্কে ছাড়
Next articleভয়াবহ বিক্ষোভের পর নেপালে শপথ নিল অন্তর্বর্তী সরকার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here