নিজস্ব প্রতিবেদন
ভয়াবহ যুব বিক্ষোভে সরকার পতনের পর নেপালে দায়িত্ব নিল নতুন অন্তর্বর্তী সরকার। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানী কাঠমান্ডুর অগ্নিদগ্ধ রাষ্ট্রপতি ভবনের সামনে শামিয়ানার নিচে শপথ নেন প্রধানমন্ত্রী সুশীলা কার্কির নেতৃত্বাধীন সরকারের তিন মন্ত্রী।
৭৩ বছর বয়সী সাবেক প্রধান বিচারপতি কার্কি বলেন, তিনি এই পদ চাননি, বরং ‘তার নাম এসেছে রাজপথ থেকে’। হাজার হাজার তরুণ ডিসকর্ড অ্যাপে তাকে নেতা হিসেবে নির্বাচিত করেছিলেন।
সরকারি হিসাব অনুযায়ী, ৮ সেপ্টেম্বর শুরু হওয়া দুই দিনের বিক্ষোভে অন্তত ৭২ জন নিহত হয়েছেন। এ বিক্ষোভের সূত্রপাত সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করা এবং দীর্ঘদিনের অর্থনৈতিক সংকটকে ঘিরে। বিক্ষোভকারীরা সংসদ ভবনসহ একাধিক সরকারি ভবনে আগুন ধরিয়ে দেন।
নতুন মন্ত্রিসভায় স্বচ্ছ ভাবমূর্তির ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হয়েছে। আইনজীবী ওম প্রকাশ আরিয়াল স্বরাষ্ট্র, আইন ও বিচার; কুলমান ঘিসিং জ্বালানি ও অবকাঠামো; আর সাবেক অর্থসচিব রামেশ্বর খানাল অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।
প্রধানমন্ত্রী কার্কি প্রতিশ্রুতি দিয়েছেন, তার সরকার তরুণ প্রজন্মের দাবি অনুযায়ী দুর্নীতি দমন ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করবে।




















































