শুল্ক আলোচনা: দ্বিতীয় দিনের বৈঠক শেষে কিছু বিষয়ে একমত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র

0
237

আজ শুরু তৃতীয় দিনের আলোচনা, ন্যায্য শুল্ক প্রত্যাশা তুলে ধরেছে ঢাকা

প্রতিনিধি, ওয়াশিংটন
তিন দিনব্যাপী বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনার দ্বিতীয় দিনের বৈঠক শেষে কয়েকটি বিষয়ে প্রাথমিকভাবে একমত হয়েছে উভয় দেশ। তবে কিছু গুরুত্বপূর্ণ ইস্যু এখনো অমীমাংসিত রয়ে গেছে। আগামীকাল আলোচনার শেষ দিনে সেগুলোর নিষ্পত্তির চেষ্টা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ জুলাই) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠিত এই বৈঠকে উভয় দেশের প্রতিনিধিরা বর্তমান বাণিজ্য পরিস্থিতি এবং ভবিষ্যৎ বাণিজ্য সম্পর্ক আরও গতিশীল করতে নানা প্রস্তাব ও যুক্তি তুলে ধরেন।

বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আলোচনার দ্বিতীয় দিন ছিল ফলপ্রসূ। আলোচনার গুরুত্বপূর্ণ অংশ ছিল বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং যুক্তরাষ্ট্রের ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ অ্যাম্বাসাডর জেমিসন গ্রিয়ার-এর মধ্যে একান্ত বৈঠক।

বৈঠকে বাংলাদেশের সামগ্রিক অর্থনীতি, রপ্তানি-আমদানি ভারসাম্য এবং শুল্ক সংক্রান্ত বাংলাদেশের ন্যায্য প্রত্যাশার বিষয়টি তুলে ধরেন বাণিজ্য উপদেষ্টা। তিনি যুক্তরাষ্ট্রে রপ্তানির পাশাপাশি আমদানিও বাড়ানোর কথা জানান এবং প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করার ওপর জোর দেন।

জেমিসন গ্রিয়ার বাংলাদেশের অবস্থান মনোযোগ সহকারে শোনেন এবং সহযোগিতার আশ্বাস দেন।

বাংলাদেশের পক্ষ থেকে আলোচনায় নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তাঁর সঙ্গে সরাসরি উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ও অতিরিক্ত সচিব ড. নাজনীন কাওসার চৌধুরী। ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বাণিজ্য বিশেষজ্ঞরা।

স্থানীয় সময় শুক্রবার সকাল ৯টায় আলোচনা শুরু হবে তৃতীয় ও শেষ দিন। আলোচনায় অমীমাংসিত বিষয়ের পাশাপাশি যৌথ বাণিজ্যিক কাঠামো ও আগামীর অংশীদারত্ব নিয়েও আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।

Previous articleবিচার-সংস্কার ছাড়া যারা নির্বাচনের পরিকল্পনা করে, তারাই নির্বাচন পেছানোর ষড়যন্ত্রে লিপ্ত: নাহিদ ইসলাম
Next article১৩০৩ বলে ১০০০ রান পূর্ণ করে রেকর্ডের চূড়ায় স্মিথ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here