আন্তর্জাতিক ডেস্ক
সরকারি টেন্ডার প্রক্রিয়ায় দুর্নীতি রোধে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার শুরু করেছে আলবেনিয়া। দেশটির প্রধানমন্ত্রী এডি রামা বৃহস্পতিবার ঘোষণা দিয়েছেন, অনলাইনে নাগরিক সেবা দেওয়া ডিজিটাল সহকারী ‘ডিয়েলা’কে অন্তর্বর্তীভাবে মন্ত্রিসভার সদস্য বানানো হয়েছে।
আলবেনীয় ভাষায় ‘ডিয়েলা’ মানে সূর্য। চলতি বছরের শুরু থেকে রাষ্ট্রীয় পোর্টাল ‘ই-আলবেনিয়া’র মাধ্যমে কাজ করছে এ ভার্চুয়াল সহকারী। এবার সরকারি ক্রয় ও টেন্ডার প্রক্রিয়া নজরদারির দায়িত্ব দেওয়া হলো তাকে।
রামা বলেন, “মন্ত্রণালয় থেকে ধাপে ধাপে টেন্ডার নির্ধারণের ক্ষমতা সরিয়ে নেওয়া হবে। বিজয়ী নির্ধারণ করবে এআই। এতে সরকারি ব্যয় শতভাগ স্বচ্ছ হবে।”
তিনি আরও জানান, প্রতিটি সরকারি চুক্তি মূল্যায়ন করবে ডিয়েলা। তাঁর ভাষায়, “এআই-ভিত্তিক এই মন্ত্রীর মাধ্যমেই আলবেনিয়া হবে দুর্নীতিমুক্ত ব্যয়ের দেশ।”
দীর্ঘদিন ধরে সরকারি টেন্ডার নিয়ে দুর্নীতির অভিযোগে জর্জরিত আলবেনিয়া। আন্তর্জাতিক অপরাধচক্রের সঙ্গে অর্থপাচার ও অস্ত্র–মাদক চোরাচালানের যোগসাজশের অভিযোগও রয়েছে।
আলবেনীয় গণমাধ্যম বলছে, প্রযুক্তিকে হাতিয়ার নয়, বরং শাসন ব্যবস্থার অংশ করে নেওয়ায় প্রশাসনিক সংস্কারে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। তবে সমালোচকদের কেউ কেউ প্রশ্ন তুলেছেন—“আলবেনিয়ার মতো দেশে ডিয়েলাও কি শেষ পর্যন্ত দুর্নীতিগ্রস্ত হয়ে উঠবে না?”




















































