যশোরে এনসিপির পদযাত্রায় আহ্বায়কের হুঁশিয়ারি
যশোর প্রতিনিধি ❐
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘যারা বিচার ও সংস্কার ছাড়া নির্বাচনের পরিকল্পনা করছে, তারাই মূলত নির্বাচন পেছানোর ষড়যন্ত্রে লিপ্ত।’
শুক্রবার (১১ জুলাই) বিকেলে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে যশোর শহরে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, ‘১৯৭১ সালে প্রথম শত্রুমুক্ত জেলা ছিল যশোর। সেই যশোরের সন্তানরাও শহীদ হয়েছেন জুলাই অভ্যুত্থানে। আমরা আজ তাঁদের স্মরণ করছি।’
তিনি বলেন, ‘আমরা এসেছি যশোরের সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে কথা বলতে। এখন সময় এসেছে দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে বড় ধরনের আন্দোলন গড়ে তোলার। আমরা গণঅভ্যুত্থানের মাধ্যমে সংস্কার এনেছি, কিন্তু দখলদার ও দুর্নীতিবাজরা সেই প্রক্রিয়াকে পদে পদে বাধাগ্রস্ত করছে।’
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘যারা বিভিন্ন রাজনৈতিক দলে অনুপ্রবেশ করে দুর্নীতি করছে, তারা এখনই সাবধান হয়ে যান। আমরা নতুন রাজনীতির সূচনা করেছি। যশোরবাসীর দীর্ঘদিনের সমস্যা ও ভোগান্তি দূর করতে হবে, আর এ দায়িত্ব এনসিপির নেতৃত্বকেই নিতে হবে।’
নাহিদ ইসলাম আরও বলেন, ‘গণঅভ্যুত্থানে আপনারা যেভাবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে দাঁড়িয়েছিলেন, এবারও তেমনি সাহসিকতার সঙ্গে চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলতে হবে। ভয় পাবেন না, সত্যের পক্ষে থাকুন।’
তিনি বলেন, ‘নির্বাচন মানে কেবল ভোট নয়, নির্বাচন মানে বিচার, সংস্কার ও গণ-অংশগ্রহণ। এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর কথার উদ্ধৃতি দিয়ে বলছি, নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে। বিচার-সংস্কার ছাড়া কোনো নির্বাচন বাংলার মানুষ মেনে নেবে না।’
রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। বলেন, ‘যে দলই ক্ষমতায় এসেছে, তারা প্রশাসন ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করেছে। আমরা এই অবস্থা আর চলতে দেব না।’
নির্বাচন কমিশনকে সবচেয়ে বেশি দলীয়করণ করা হয়েছে দাবি করে তিনি বলেন, ‘গত ১৬ বছরে তিনটি নির্বাচন নস্যাৎ করেছে কমিশন। এই প্রতিষ্ঠানকে শক্তিশালী ও নিরপেক্ষ করতে হবে।’
তিনি বলেন, ‘আমরা এমন একটি ইনসাফভিত্তিক রাষ্ট্রনীতি চাই, যেখানে নারী-পুরুষ, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত হবে। গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিচ্ছে এনসিপি, আর এই নেতৃত্বই দেশের ভবিষ্যৎ গড়বে।’






















































