সরকার পতন ও ফ্যাসিবাদ বিলোপের এক দফা আন্দোলনের বর্ষপূর্তিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ২৪ দফা ইশতেহার ঘোষণা করেছে। রোববার (৩ আগস্ট) বিকেলে আয়োজিত সমাবেশে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এ ইশতেহার প্রকাশ করেন।
ইশতেহারের মূল ভিত্তি—ন্যায়বিচার, সমতা ও গণতান্ত্রিক সংস্কার। এতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্তি, গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন, নারীর নিরাপত্তা ও ক্ষমতায়ন, এবং প্রশাসনের জবাবদিহি নিশ্চিতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
দলীয় সদস্যসচিব আখতার হোসেন বলেন, “আমরা এমন রাষ্ট্র ব্যবস্থা চাই যেখানে প্রধানমন্ত্রী থেকে মেম্বার পর্যন্ত প্রতিটি জনপ্রতিনিধি জনগণের কাছে জবাবদিহি করবেন। বিচার বিভাগ দলীয় প্রভাবমুক্ত থাকবে এবং নীতি–নির্ধারণ জনস্বার্থে হবে।”
তিনি আরও জানান, জুলাই সনদকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে এবং অন্তর্বর্তী সরকারকেই সংস্কার বাস্তবায়ন করতে হবে।
সমাবেশে সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনীম জারা বলেন, এনসিপি এমন একটি স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়তে চায় যেখানে অর্থের অভাবে কেউ চিকিৎসা থেকে বঞ্চিত হবে না এবং প্রতিটি নাগরিকের চিকিৎসা তথ্য ডিজিটালভাবে সংরক্ষিত থাকবে।
এছাড়া জনকল্যাণমুখী অর্থনীতি, সম্মানজনক কর্মসংস্থান, কর কাঠামোর সংস্কার এবং ধনী–দরিদ্র বৈষম্য কমানোও ইশতেহারের অন্যতম অঙ্গীকার।
বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে এনসিপির নেতা–কর্মীরা সমাবেশস্থলে পৌঁছান।























































