দুই পুলিশ কর্মকর্তার বদলি নিয়ে বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতাদের কাছ থেকে ফোন পেয়েছিলেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
শনিবার (১ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে আয়োজিত ‘বাংলাদেশ পুলিশের সংস্কার: চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।
আসিফ নজরুল বলেন, “গত ছয় মাসে দুই পুলিশ কর্মকর্তার বদলির ঘটনায় জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া প্রধান দুটি দলের শীর্ষ নেতারা আমার সঙ্গে ফোনে কথা বলেছেন এবং অসন্তোষ প্রকাশ করেছেন। এক দল বলেছে, ওনাকে সরাতে; আরেক দল বলেছে, ওনাকে সরালেন কেন। বিএনপি–জামায়াতকে ‘আমার লোক, তোমার লোক’ সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে।”
তিনি বলেন, “এই ব্যাধি শুধু বড় দুই দলেই নয়, ছোট ও নতুন দলগুলোতেও আছে। তারা বড় হলে এই একই ব্যাধি তাদেরও গ্রাস করবে—এই আশঙ্কা আমার মধ্যে আছে।”
আওয়ামী লীগ সরকারের সময় এই ‘আমার লোক, তোমার লোক’ সংস্কৃতি ভয়াবহ পর্যায়ে গিয়েছিল বলে মন্তব্য করে আসিফ নজরুল বলেন, “বাংলাদেশে যত খারাপ কাজ, গুম, বিচারবহির্ভূত হত্যা, হেফাজতে নির্যাতন, হেফাজতে মৃত্যু, ভুয়া নির্বাচন, দলীয়করণ—সবকিছুর শুরু আওয়ামী লীগের আমলে, বাকিরা শুধু সেটি চালিয়ে গেছে।”
তিনি আরও বলেন, “এই সংস্কৃতি নাগরিক সমাজের মধ্যেও ঢুকে গেছে। আওয়ামী লীগ আমলে সংগ্রামের সম্পাদক আবুল আসাদকে গ্রেপ্তার করা হলেও কোনো প্রতিবাদ হয়নি।”
প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় বাহিনী পুলিশকে একটি ‘নির্মম, অত্যাচারী, পাশবিক, দানবীয় বাহিনী’তে পরিণত করেছিলেন বলেও মন্তব্য করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।























































