নির্বাচন সহজ হবে না, ষড়যন্ত্র আরও ভয়ংকর হতে পারে: তারেক রহমান

0
122

আসন্ন জাতীয় নির্বাচন সহজ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র এখনো থামেনি; বরং সামনে তা আরও ভয়ংকর রূপ নিতে পারে। এসব মোকাবিলায় দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান। কর্মশালায় সারা দেশ থেকে দলের মাঠপর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

তারেক রহমান বলেন, সাম্প্রতিক সময়ে দলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনাগুলো প্রমাণ করে যে নির্বাচন মোটেও সহজ হবে না। ওসমান হাদির ওপর হামলা এবং এর আগে চট্টগ্রামে এক প্রার্থীর ওপর হামলার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, এসব ঘটনার পেছনে একটি মহল সক্রিয় রয়েছে, যারা পরিস্থিতিকে ভিন্নখাতে নিতে চায়।

তিনি আরও বলেন, ‘দেড় বছর আগেই বলেছিলাম, নির্বাচন সহজ হবে না এবং ষড়যন্ত্র থেমে নেই। সাম্প্রতিক ঘটনাপ্রবাহ প্রমাণ করছে সেই আশঙ্কা সত্য হচ্ছে। বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে, এই ষড়যন্ত্র সামনে আরও খারাপ রূপ নিতে পারে।’

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ভয় বা আতঙ্কের কোনো সুযোগ নেই। জনগণের মধ্যে সাহস জাগিয়ে তুলতে হবে এবং গণতন্ত্রকামী মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। দলের ভেতরের মতপার্থক্য কমিয়ে ঐক্যের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ঐক্যবদ্ধ থাকলেই ষড়যন্ত্রকারীদের পিছু হটতে বাধ্য করা যাবে।

তারেক রহমান বলেন, ‘এখন ঘরে বসে থাকার সময় নয়। এই লড়াইয়ে আমাদের জিততেই হবে। আর এই লড়াইয়ে সবচেয়ে বড় শক্তি বাংলাদেশের জনগণ।’ তিনি নেতাকর্মীদের জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচনের মাঠে সক্রিয় হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সঞ্চালনা করেন যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।

Previous articleউপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ
Next article‘অপারেশন ডেভিল হান্ট’ দ্বিতীয় ধাপ শুরু হচ্ছে, প্রার্থীরা পাবেন অস্ত্রের লাইসেন্স

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here