নির্বাচন আদৌ হবে কি না—এ নিয়ে মানুষের উদ্বেগ বাড়ছে: মির্জা ফখরুল

0
91

নিজস্ব প্রতিবেদক
ঢাকা | ২৩ ডিসেম্বর ২০২৫

নির্বাচন আদৌ অনুষ্ঠিত হবে কি না—এ নিয়ে দেশের মানুষ নতুন করে উদ্বিগ্ন হয়ে পড়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাম্প্রতিক কয়েক দিনের ঘটনায় জনগণের মধ্যে এই অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে তিনি মনে করেন।

মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে চীন–মৈত্রী সম্মেলন কেন্দ্রে দ্য ডেইলি স্টার আয়োজিত ‘স্টার নির্বাচনী সংলাপ’ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন মির্জা ফখরুল।

তিনি বলেন, দীর্ঘ ১৫ বছরের আন্দোলন, ত্যাগ, রক্তপাত ও নির্যাতনের পর ছাত্র–জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে একটি নির্বাচনের সুযোগ তৈরি হয়েছিল। একসময় এমন পরিস্থিতি তৈরি করা হয়েছিল, যখন মানুষ মনে করত নির্বাচন থেকে দূরে থাকাই যেন বেঁচে থাকার উপায়। সেই অবস্থা থেকে বেরিয়ে আসার যে সুযোগ সৃষ্টি হয়েছিল, দুর্ভাগ্যজনকভাবে এখন সেই সুযোগ আবার হারানোর আশঙ্কা দেখা দিয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, যখনই দেশ কোনো ভালো সুযোগের মুখোমুখি হয়, তখনই কিছু মহল বা অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে সেই সম্ভাবনা নষ্ট হয়ে যায়। তিনি বলেন, ‘আমরা চাই, সব ধরনের নেতিবাচক পরিস্থিতি কাটিয়ে সত্যিকার অর্থেই আশা নিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যেতে।’

বিএনপি শুরু থেকেই নির্বাচনের ওপর গুরুত্ব দিয়ে আসছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, নির্বাচন নিয়ে কথা বলায় তাঁদের অনেক সময় কটাক্ষের শিকার হতে হয়েছে। কেউ কেউ অভিযোগ করেছেন, বিএনপি শুধু ক্ষমতায় যেতে চায়। কিন্তু এখন প্রমাণিত হচ্ছে, নির্বাচন বিলম্বিত হওয়ার কারণে দেশে নানা ঘটনা ঘটছে এবং নির্বাচন বানচালের সুযোগ তৈরি হচ্ছে।

নিজেদের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, বিএনপি একটি নির্বাচনমুখী রাজনৈতিক দল। সরকার পরিবর্তনের একমাত্র পথ হিসেবে তারা নির্বাচনেই বিশ্বাস করে। রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা থাকার কারণে দলটি অনেক আগেই নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে বলে জানান তিনি।

দেশের অর্থনীতি প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বিএনপি একটি পূর্ণাঙ্গ অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন করেছে, যা ইতিমধ্যে বিভিন্ন মহলে উপস্থাপন করা হয়েছে। তাঁর দাবি, এই পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে ধীরে ধীরে দেশকে বর্তমান সংকট থেকে বের করে একটি স্থিতিশীল অর্থনৈতিক অবস্থানে নেওয়া সম্ভব হবে।

সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, ২০১৬ সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ‘ভিশন–২০৩০’ শিরোনামে রাষ্ট্রীয় সংস্কারের প্রস্তাব দিয়েছিলেন। বর্তমানে সংস্কার কমিশনের আলোচনায় যে বিষয়গুলো উঠে আসছে, তার অনেকটাই ওই প্রস্তাবে অন্তর্ভুক্ত ছিল বলে তিনি দাবি করেন।


Previous articleমুদ্রাবাজার স্থিতিশীল রাখতে আরও ৬ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
Next articleসাম্প্রদায়িক উসকানি আরও হতে পারে, প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ সিইসির

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here