সরকার আবারও জাতীয় যুব দিবস ও আন্তর্জাতিক যুব দিবস পৃথকভাবে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি বছর ১ নভেম্বর জাতীয় যুব দিবস এবং ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস পালিত হবে।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
এর আগে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস একসঙ্গে ১২ আগস্ট পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং ২০২৫ সালে প্রথমবারের মতো দুটি দিবস একই দিনে উদযাপিত হয়। তবে বর্ষাকালে একযোগে আয়োজনের কারণে যুব র্যালি, যুব সমাবেশ ও যুবমেলার মতো কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এতে যুব উদ্যোক্তারাও তাদের পণ্য প্রদর্শন ও বিক্রয়ে সমস্যার মুখে পড়েন।
এসব বিষয় বিবেচনায় নিয়ে সরকার আগের নিয়মে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ফলে আগামীতে ১ নভেম্বর জাতীয় যুব দিবস এবং ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস পৃথকভাবে উদযাপিত হবে।























































