৩৪ বছর পর পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ

0
230

৩৪ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। তাও আবার রেকর্ড গড়া জয় দিয়ে। ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে ক্যারিবীয়রা পাকিস্তানকে হারিয়েছে ২০২ রানের বিশাল ব্যবধানে।

জেডেন সিলসের বিধ্বংসী বোলিং এবং শাই হোপের দুর্দান্ত সেঞ্চুরিতে গড়া এই জয় ওয়েস্ট ইন্ডিজের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে পাকিস্তানবধ। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেটে ২৯৪ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। হোপ অপরাজিত থাকেন ৯৪ বলে ১২০ রান করে, ইনিংসে ছিল ১০টি চার ও ৫টি ছক্কা। জাস্টিন গ্রিভস ২৪ বলে করেন ঝড়ো ৪৩ রান।

পাকিস্তানের বোলাররা শেষ দিকে চাপে পড়ে একের পর এক রান বিলিয়ে দেন। শেষ ৭ ওভারে আসে ১০০ রান।

জবাবে ব্যাট হাতে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে পাকিস্তান। প্রথম ওভারেই সাইম আয়ুবকে ফেরান সিলস। দ্বিতীয় ওভারে বিদায় নেন আবদুল্লাহ শফিক। এরপর বাবর আজম এলবিডব্লিউ হয়ে ফেরেন ২৩ রানে চতুর্থ উইকেট হিসেবে।

শেষ পর্যন্ত পাকিস্তানের ইনিংস গুটিয়ে যায় মাত্র ৯২ রানে। মাত্র তিনজন ব্যাটার দুই অঙ্কে পৌঁছান— সালমান আগা সর্বোচ্চ ৩০, মোহাম্মদ নাওয়াজ ২৩ এবং হাসান আলি ১২ রান করেন।

ম্যাচ সেরা সিলস মাত্র ১৮ রানে ৬ উইকেট নিয়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন। তাঁর এই পারফরম্যান্স ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে ইতিহাসে যৌথভাবে দ্বিতীয় সেরা বোলিং ফিগার।

এই জয়ে ৩৪ বছর পর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ, যা ক্যারিবীয় ক্রিকেটে নতুন আত্মবিশ্বাস যোগ করল।

Previous articleবাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের ব্যাংক হিসাব তলব
Next articleভোলাগঞ্জ থেকে লুট হওয়া পাথর খতিয়ে দেখছে দুদক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here