নিজস্ব প্রতিবেদক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্রুত দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তাঁর দাবি, তারেক রহমান দেশে ফিরলেই বিএনপির নির্বাচনি প্রচারণার অর্ধেক কাজ সম্পন্ন হয়ে যাবে।
রোববার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জাতীয়তাবাদী আয়কর আইনজীবী ফোরামের এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন বলেন, “অতি শিগগিরই তারেক রহমান দেশে ফিরবেন। সেদিন নির্বাচন প্রতিষ্ঠা হয়ে যাবে। বলছি না নির্বাচন হয়ে যাবে, তবে বিএনপির প্রচারণার অর্ধেক শেষ হয়ে যাবে।”
তিনি আরও বলেন, “তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন হবে এক অবিস্মরণীয় ঐতিহাসিক ঘটনা।”
আওয়ামী লীগকে দায়ী করলেন
মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র হত্যার দায় আওয়ামী লীগের বলে অভিযোগ করেন তিনি। এ সময় তিনি বলেন, “আজ দেখা গেল এক জায়গায় বলছে ‘জয়’, দৌড়াতে দৌড়াতে দেড় মাইল দূরে গিয়ে বলছে ‘বাংলা’। এই হলো আওয়ামী লীগের অবস্থা।”
নির্বাচন ও ঐকমত্য কমিশন প্রসঙ্গ
সালাহউদ্দিনের মতে, আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারির রমজানের আগে হতে পারে। তিনি বলেন, জাতীয় ঐকমত্য কমিশন যদি বড় ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করে সিদ্ধান্ত নেয়, তবে তা নির্বাচনে প্রতিবন্ধকতা তৈরি করবে।
সাম্প্রদায়িক সম্প্রীতি প্রসঙ্গে
বিকেলে ঢাকেশ্বরী মন্দিরে সনাতনী নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি বলেন, কিছু মহল শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তিনি আশ্বাস দেন, দুর্গাপূজাসহ সব ধর্মীয় উৎসবে বিএনপি সহযোগিতা করবে।























































