আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকার শাহবাগ মোড় অবরোধ করেছেন আন্দোলনকারীরা। শুক্রবার বিকেল পৌনে পাঁচটার দিকে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে এই অবরোধ শুরু হয়। এর আগে যমুনার কাছের ফোয়ারার পাশে মঞ্চ থেকে অবরোধের ঘোষণা দেন তিনি। আন্দোলনকারীরা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে স্লোগান দিচ্ছেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ করার প্রজ্ঞাপন না আসা পর্যন্ত তাঁরা শাহবাগ মোড়ে থাকবেন এবং এখান থেকেই তাঁদের দ্বিতীয় অভ্যুত্থানের সূচনা হবে।
বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে থেকে আন্দোলন শুরু হয়। সেখানে এনসিপির নেতাদের সঙ্গে অন্যান্য সংগঠনের নেতা-কর্মীরাও যোগ দেন। রাতভর অবস্থান কর্মসূচির পর শুক্রবার দুপুরে যমুনার ফোয়ারার সামনে বড় জমায়েত হয়।
বিক্ষোভে এনসিপির পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির, এবি পার্টি, এবং আরও কয়েকটি দলের নেতাকর্মীরা অংশ নেন। মঞ্চে বক্তব্যে এসব দলের নেতারা আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের রোডম্যাপ ঘোষণার দাবি জানান।
অবরোধের সময় আন্দোলনকারীরা জানান, তাঁরা শাহবাগে থেকে তাঁদের দাবির বাস্তবায়ন নিশ্চিত করতে চান। হাসনাত আবদুল্লাহ বলেন, ‘বাংলাদেশের অগ্রগতি তখনই শুরু হবে, যখন দেশটি আওয়ামী লীগমুক্ত হবে।’






















































