শান্তি-শৃঙ্খলা রক্ষায় বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেনাবাহিনী গুরুত্বপূর্ণ অবদান রাখছে: প্রধান উপদেষ্টা ড. ইউনূস

0
180

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সেনাবাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা, স্থিতিশীলতা এবং দুর্যোগ মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে গুরুত্বপূর্ণভাবে সহায়তা করে আসছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (২১ জুলাই) ঢাকা সেনানিবাসে সেনাসদর নির্বাচনী পর্ষদ–২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, “দেশের প্রয়োজনে সেনাবাহিনীর এই অবদান নিঃসন্দেহে প্রশংসনীয়। বেসামরিক প্রশাসনের পাশে দাঁড়িয়ে সেনা সদস্যরা বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করে যে ত্যাগ স্বীকার করেছেন, তা জাতি চিরকাল মনে রাখবে।”

প্রধান উপদেষ্টা বক্তব্যের শুরুতেই মহান মুক্তিযুদ্ধের শহীদ, যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে দায়িত্ব পালনকালে আহত ও শহীদ সেনাসদস্যদের এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদদেরও স্মরণ করেন তিনি।

পদোন্নতি পর্ষদ প্রসঙ্গে ড. ইউনূস বলেন, “পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলার মান, সততা ও আনুগত্য—এই সব বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে অফিসারদের মূল্যায়ন করতে হবে। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যোগ্য নেতৃত্ব প্রদানকারী অফিসারদেরই উচ্চতর পদে পদোন্নতির জন্য বিবেচনা করা উচিত।”

এ সময় সেনাসদর নির্বাচনী পর্ষদের সদস্যদের উদ্দেশে তিনি যোগ্য, সৎ ও পেশাদার কর্মকর্তাদের নির্বাচন করার নির্দেশনা দেন।

অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী, চিফ অব জেনারেল স্টাফসহ সেনা ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে ফটোসেশনে অংশগ্রহণ করেন এবং সেনাসদর পরিদর্শন বইয়ে মন্তব্য লিপিবদ্ধ করেন।

Previous articleযুব ওয়ানডে: আবারও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের
Next articleনাসীরুদ্দীন পাটওয়ারী সত্য উন্মোচন করায় বাধার মুখে, চট্টগ্রাম হবে জনগণের— বললেন নাহিদ ইসলাম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here