চলতি ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা প্রায় ৪৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২২,৬০০ কোটি টাকায়। আগের অর্থবছরের তুলনায় এ আয় বেড়েছে প্রায় ৭,৩০০ কোটি টাকা।
গতকাল মঙ্গলবার (২৬ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর ড. আহসান এইচ মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত ৪৪৩তম বোর্ড সভায় এ আর্থিক হিসাব অনুমোদন করা হয়।
সভায় উপস্থিত এক ডেপুটি গভর্নর জানান, মুনাফার বড় অংশ সরকারি কোষাগারে জমা হবে। ইতোমধ্যে ৮,০০০ কোটি টাকা জমা দেওয়া হয়েছে, বাকি টাকা কয়েক দিনের মধ্যেই জমা হবে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪ অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংকের নিট মুনাফা ছিল ১৫,৩০০ কোটি টাকা। আর ২০২৩ অর্থবছরে এ মুনাফা ছিল ১০,৭৪৮ কোটি টাকা। ফলে গত দুই বছরে আয় দ্বিগুণেরও বেশি হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, নিট মুনাফার বড় অংশ এসেছে সরকারি ট্রেজারি বন্ডে বিনিয়োগ, বাণিজ্যিক ব্যাংকগুলোকে দেওয়া রেপো ও স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি (এসএলএফ), অ্যাসিউরড লিকুইডিটি সাপোর্ট (এএলএস) ঋণ এবং এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড (ইডিএফ) থেকে। পাশাপাশি রিজার্ভ থেকে ডলার বিক্রির মুনাফাও যুক্ত হয়েছে।
চলতি অর্থবছরের মে শেষে বাংলাদেশ ব্যাংকের হাতে প্রায় ৭৪,০০০ কোটি টাকার ট্রেজারি বন্ড ছিল। এছাড়া মে মাস পর্যন্ত সরকারের কেন্দ্রীয় ব্যাংক থেকে নেওয়া মোট ঋণ দাঁড়ায় ৯৫,৭০৬ কোটি টাকা। এর বিপরীতে উল্লেখযোগ্য সুদ আয় করেছে কেন্দ্রীয় ব্যাংক।
অন্যদিকে জুন শেষে বাণিজ্যিক ব্যাংকগুলোর কেন্দ্রীয় ব্যাংক থেকে নেওয়া রেপো ঋণের (ওভারনাইট, ৭ দিন ও ১৪ দিনের) আউটস্ট্যান্ডিং ছিল ১,৪৫,৩৯৬ কোটি টাকা। এসব ঋণ থেকে বাংলাদেশ ব্যাংক ন্যূনতম ১০ শতাংশ হারে সুদ আয় করেছে।




















































