তানজিদের ঝড়ো ফিফটিতে নেদারল্যান্ডসকে উড়িয়ে সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ

0
130

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টি–টোয়েন্টিতে নেদারল্যান্ডসকে ৯ উইকেট আর ৪১ বল হাতে রেখে হারিয়ে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। ওপেনার তানজিদ হাসান তামিমের ব্যাট থেকে এসেছে ঝলমলে ফিফটি, যা তাঁর আন্তর্জাতিক টি–টোয়েন্টি ক্যারিয়ারের ষষ্ঠ অর্ধশতক।

টস হেরে আগে ব্যাট করতে নেমে ডাচরা টিকতে পারেনি বাংলাদেশের বোলারদের সামনে। নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের তোপে ১৭.৩ ওভারে ১০৩ রানে গুটিয়ে যায় তারা।

বাংলাদেশের জবাব ছিল একেবারেই ঝড়ো। ১৩.১ ওভারে মাত্র এক উইকেট হারিয়ে ১০৪ রান তুলে সহজেই জয় নিশ্চিত করে লিটন দাসের দল। প্রথম ম্যাচে যেমন ৮ উইকেটে জিতেছিল, এবারও প্রায় একই ব্যবধান।

৩৯ বলে হাফসেঞ্চুরি তুলে নেওয়া তানজিদ অপরাজিত ছিলেন ৫৪ রানে। তাঁর ইনিংসে চারটি চার ও দুটি ছক্কার মার। অন্য প্রান্তে অধিনায়ক লিটন দাস ছিলেন ১৮ বলে ১৮ রানে। দুজন মিলে গড়েন অবিচ্ছিন্ন ৬৪ রানের জুটি।

বাংলাদেশের সব বোলারই এ ম্যাচে উইকেট ভাগাভাগি করেছেন। নাসুম নিয়েছেন ৩টি, তাসকিন ও মোস্তাফিজ নিয়েছেন দুটি করে। তানজিম হাসান সাকিব ও শেখ মেহেদী পেয়েছেন একটি করে উইকেট।

নেদারল্যান্ডসের পক্ষে কেবল আরিয়ান দত্ত (৩০) ও বিক্রমজিৎ সিং (২৪) কিছুটা প্রতিরোধ গড়েন। বাকিদের ব্যাটে ছিল শুধু আসা–যাওয়ার গল্প।

টানা তিনটি টি–টোয়েন্টি সিরিজ জয়ের কীর্তি গড়ল বাংলাদেশ। এর আগে শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতেছিল তারা। এবার ঘরের মাঠে নেদারল্যান্ডসকে উড়িয়ে সেই ধারাবাহিকতাই ধরে রাখল টাইগাররা।

Previous articleআফগানিস্তানে ভূমিকম্পে প্রাণ গেল ৮ শতাধিক মানুষের
Next articleএশিয়া কাপ হকিতে দক্ষিণ কোরিয়ার কাছে বড় হারে গ্রুপপর্ব শেষ বাংলাদেশের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here