ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলায় পুলিশের দাখিল করা তদন্ত প্রতিবেদন ও চার্জশিটের ওপর নারাজ দিয়েছে সংগঠনটি। একই সঙ্গে সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে আগামীকাল শুক্রবার সারাদেশে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশের ডাক দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের এসব তথ্য জানান। তিনি বলেন, আদালত মামলাটির পুনর্তদন্তের নির্দেশ দিয়েছেন, যা ইতিবাচক। তবে তদন্তের দায়িত্ব কোনো নিরপেক্ষ সংস্থার কাছে দেওয়ার দাবি জানান তিনি।
আব্দুল্লাহ আল জাবের অভিযোগ করেন, পুলিশের চার্জশিটে মূল পরিকল্পনাকারীদের আড়াল করা হয়েছে এবং হত্যাকাণ্ডকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, দৃশ্যমান অগ্রগতি না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।























































