বিদেশে কর্মসংস্থানের জন্য দক্ষ জনশক্তি গড়ে তুলতে দেশে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ।
বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণ বিষয়ক কমিটির বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান জানান, বেকার যুবক-যুবতীদের বিদেশে চাকরির জন্য প্রস্তুত করতে দেশি-বিদেশি শিক্ষকদের সমন্বয়ে ভাষা শিক্ষা কেন্দ্র চালুর উদ্যোগ নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।
বৈঠকে বিদেশে কর্মসংস্থানের সুযোগ দ্রুত বাড়ানোর বিভিন্ন উপায় নিয়ে আলোচনা হয়। এতে বলা হয়, বিভিন্ন দেশের ভাষা শেখার সুযোগ পেলে দেশের বেকার তরুণরা বিদেশে চাকরি পাওয়ার ক্ষেত্রে বেশি সুবিধা পাবে।
প্রধানমন্ত্রী আরও নির্দেশ দেন, বিদেশে কাজ করতে যাওয়ার জন্য যেন কাউকে নিজের সহায়-সম্পত্তি বিক্রি করতে না হয়। এজন্য স্বল্প সুদে ব্যাংক ঋণ দেওয়ার ব্যবস্থা এবং ঋণ পাওয়ার প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বলা হয়েছে।
এছাড়া দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ দেওয়া হয়েছে। এগুলো হলো ঢাকার , চট্টগ্রামের এবং সিলেটের । উন্নত দেশের বিমানবন্দরের মতো এসব বিমানবন্দরের টার্মিনালে ফ্রি ওয়াইফাই চালুর বিষয়ে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
বৈঠকে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী নুরুল হক নূর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমীন, মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে নিজের নির্বাচনি এলাকা ঢাকা-১৭-তে দেওয়া প্রতিশ্রুতির অংশ হিসেবে একটি ভঙ্গুর মন্দির সংস্কারের কাজও দ্রুত শুরু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। শনিবার সকালে ঢাকার দুই সিটির প্রশাসক ও স্থানীয় সমন্বয়কারীদের উপস্থিতিতে সংস্কার কাজ শুরু হওয়ার কথা রয়েছে।






















































