প্রশাসন নিরপেক্ষ না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ।
আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। তিনি অভিযোগ করেন, আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও ইতোমধ্যে কিছু এলাকায় প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন এবং আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় স্থানীয় প্রশাসন কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।
ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা স্থাপন, নির্বাচনী প্রটোকলে সমতা বজায় রাখা এবং ভোটার প্রভাবিত করার অভিযোগে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড বিতরণ বন্ধের দাবি জানান তিনি। নির্বাচন কমিশন বিষয়গুলো নোট নিয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশ্বস্ত করেছে বলে জানান জামায়াত নেতা।






















































