বাংলাদেশে উৎপাদন খাত গড়ে তুলতে সৌদি আরবকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
রোববার (২৭ জুলাই) সকালে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নবনিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফের বিন আবিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা বলেন, “বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, সাশ্রয়ী শ্রমবাজার ও প্রাকৃতিক সম্পদ সৌদি বিনিয়োগকারীদের জন্য লাভজনক হতে পারে।” তিনি সৌদি সরকারকে দেশের জ্বালানি, স্বাস্থ্যসেবা, স্বাস্থ্যশিক্ষা ও ওষুধ শিল্পে বিনিয়োগের জন্যও অনুরোধ জানান।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার নামে একটি আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। এতে আগামী অক্টোবর মাসে রিয়াদে অনুষ্ঠেয় ৯ম ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ ফোরামে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়।
দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বাংলাদেশ সফরের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন অধ্যাপক ইউনূস। তিনি রাষ্ট্রদূতের দায়িত্ব পালনে শুভেচ্ছা জানান এবং সরকারের পক্ষ থেকে দূতাবাসকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
প্রধান উপদেষ্টা বলেন, “দীর্ঘদিনের সৌদি-বাংলাদেশ সম্পর্ককে আরও বেগবান করতে পারস্পরিক সহযোগিতা বাড়াতে হবে।”
সৌদি রাষ্ট্রদূত জানান, দেশটির বিনিয়োগকারী প্রতিষ্ঠান ‘রেড সি গেটওয়ে টার্মিনাল’ বর্তমানে পতেঙ্গা কনটেইনার টার্মিনাল ও মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরে কাজ করছে। এছাড়া সৌদি সরকার বাংলাদেশে আরবি ভাষা ইনস্টিটিউট এবং ৮টি শহরে ৮টি মসজিদ নির্মাণে ২ কোটি মার্কিন ডলার বরাদ্দ দিয়েছে বলেও তিনি জানান।
সাক্ষাৎ শেষে অধ্যাপক ইউনূস রাষ্ট্রদূতের হাতে জুলাই ২০২৪ সংস্করণের ‘গ্রাফিতি সংগ্রহ’ উপহার হিসেবে তুলে দেন। এ সময় সিনিয়র সচিব ও এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়কারী লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।






















































